সরকারকে আবারো অবৈধ দাবি করে তাদের বাজেট ঘোষণার কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের ঘটনায় র্যা ব কর্মকর্তাদের পক্ষ নেয়ায় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতে আদালতের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
গয়েশ্বর বলেন, জিয়া হত্যাকাণ্ডে যদি খালেদা জিয়া লাভবান হন তাহলে এ যুক্তিতে শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত এবং তিনিই বেশি লাভবান হয়েছেন।
জিয়া হত্যার ঘটনায় খালেদা জিয়া লাভবান হয়েছেন আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাব দিয়ে সেই সঙ্গে নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীকে দোষারোপ করেন গয়েশ্বর।
রাজধানীতে অপর এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীও সরকারের বাজেট ঘোষণাকে অবৈধ বলে দাবি করেন।