সরকার র্যাবকে দিয়ে কন্ট্রাক্ট কিলিং অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, সরকার আওয়ামী সন্ত্রাসীদের আইনি- বেআইনি অস্ত্র দিয়ে বিএনপিকে নির্মূল করার অপচেষ্টা চালাচ্ছে। ফলে সারাদেশে দলীয় লোকেরা বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম নিপীড়ন চালাচ্ছে।
আগামী ৯ জুন পাবনার নলডাঙা উপজেলা নির্বাচনে বিএনপি যাতে নির্বাচনে অংশ না নেয়, সেজন্য সরকার দলীয়রা ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, জনগণের ওপর আক্রমণ চালিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে কন্ট্রাক্ট কিলিং চালিয়ে আওয়ামী ছোট-বড় ও পাতি নেতারা মনে করছে এভাবে বিএনপিকে বিলুপ্ত করা যাবে। এরকম রক্তাক্ত প্রক্রিয়া অনুসরণ করেও তারা অতীতে চেষ্টা করে দেখেছেন। ফলে কী পরিণতি হয়েছিল তা দেশবাসীর জানা আছে।