জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত এবং ওই দুই মামলায় বিচারিক আদালতে বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ (তৃতীয়) বেঞ্চ গঠন করা হয়েছে।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই বিশেষ বেঞ্চ গঠন করেন।
হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী রেজা-উল হককে এ বিশেষ বেঞ্চের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার ওই বেঞ্চে খালেদা জিয়ার করা রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
ফিরে দেখা মামলা নিয়ে কিছু কথা:
গত ২৫ মে খালেদা জিয়ার করা রিট আবেদনের ওপর বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব আদেশে, খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় বিচারক নিয়োগ ও তার এখতিয়ার নিয়ে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি দুই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।
এদিকে, কনিষ্ট বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দ আদেশে, আইন অনুসারে প্রজ্ঞাপন সঠিক উল্লেখ করে রিটটি সরাসরি খারিজ করেন। এরপর রোববার ওই রিটটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় একজন বিচারপতির নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করা হয়।
আইনবীজী বলন, এ বেঞ্চের আদেশই খালেদা জিয়ার করা রিট আবেদনটির চুড়ান্ত নিষ্পত্তি হবে।
দুর্নীতি দমন কমিশনের করা দুই মামলার বিচারে জন্য গঠিত বিশেষ আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত ১২ মে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। রিটে আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে চলামান দুই মামলার বিচার কার্যক্রম স্থগিতের জন্যও বলা হয়।
এর আগে গত ১৯ মার্চ এ দুই মামলায় খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। তখন এর বিরুদ্ধে খালেদা জিয়া রিট আবেদন করলেও ২৩ এপ্রিল তা খারিজ করে হাইকোর্ট।
গত ৭ মে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এ দুটি মামলা বিশেষ জজ আদালতে স্থানান্তর করে আইন মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া হাইকোর্টে ফের এ রিটটি দায়ের করেন।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ।
এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় অপর একটি মামলা করে দুদুক। এই মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। সূত্র : সমকাল