জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদনের শুনানি আগামী ১৮ জুন পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ রিটের দ্বিধাবিভক্ত রায়ের সার্টিফাইড কপি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট অফিসকে আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দুই দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়ার করা রিট আবেদনের বিষয়ে গত ২৫ মে দ্বিধা-বিভক্ত রায় দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি ফারাহ মাহবুব মামলার বিচারিক কার্যক্রমের ওপর ৩ মাসের স্থগিতাদেশ দেন।
সেইসঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ ৩-এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। তবে বেঞ্চের আরেক বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ দ্বিমত পোষণ করে রিট আবেদন খারিজ করে দেন।
পরে নিয়ম অনুযায়ী, মামলার নথিপত্র প্রধান বিচারপতির কাছে যায়। এর পরিপ্রেক্ষিতে ওই রিট আবেদন নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করেন তিনি।
সোমবার মামলার নির্ধারিত দিনে উভয় পক্ষের শুনানি শেষে রিটের শুনানি আগামী ১৮ জুন পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: