সরকারের সঙ্গে সংলাপ হলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি অনড় থাকবে— বলেছেন দলটির নেতারা।
গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে সরকার এখন স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ শাসন করছে এবং লুটপাটের অর্থ ভাগাভাগি নিয়ে নিজেরাই সংঘাতে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ তাদের।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি নির্বাচন বৈধ- উচ্চ আদালতের এমন সিদ্ধান্তে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেছেন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রেলওয়ে শ্রমিক দলের নবনির্বাচিত নেতাদের নিয়ে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগনের স্বার্থেই সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় বিএনপি।
তবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি নির্বাচন বিষয়ে আদালতের সিদ্ধান্ত জনগণ মানবে না বলেও জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, গুম-খুনের পাশাপাশি সরকারদলীয় নেতারা অর্থ ভাগাভাগিতে ব্যস্ত।
তিনি আরো বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্যদের বৈধতা দিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তকে সরকারের দুরভিসন্ধি বলেও মনে করেন তিনি।