আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে অনুষ্ঠিত হবে— তাই সে নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার নওগাঁ নওযোয়ান মাঠে আয়োজিত জেলা ছাত্রলীগের সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের সেই পরাজিত সৈনিকেরা এতদিন আওয়ামী লীগ সরকারকে অবৈধ সরকার হিসেবে অখ্যায়িত করলেও এখন এসে আবার নির্বাচনের জন্য আলোচনা করতে চায়। সেক্ষেত্রে আমাদের স্পষ্ট কথা আলাপ আলোচনা হতে পারে তবে তা হবে আগামী ২০১৯ সালের নির্বাচনকে ঘিরে।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা আলোচনা করতে চান ঠিক আছে, কিন্তু এখন আমি বলতে চাই নির্বাচনের আগে আলোচনা করার কোনো সুযোগ নেই। যদি আলোচনা করতে চান, তাহলে বলুন সংবিধান অনুযায়ী সরকার বৈধ, তাহলে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে কিনা তা ভেবে দেখা হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের সর্বক্ষেত্রে সফলতায় জনগণ অত্যন্ত শান্তি প্রিয় জীবনযাপন করছেন। এতে আন্দোলনে জনমত গড়তে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে বিএনপি-জামাত ও খালেদা জিয়ার পুত্র দুর্নীতির বরপুত্র তারেক রহমানের নেতৃত্বে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মহসীন আলী চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ মো. শহিদুজ্জামান সরকার, সাধন চন্দ্র মজুমদার এমপি, মো. আব্দুল মালেক এমপি, ইসরাফিল আলম এমপি, মো. সলিমুদ্দিন তরফদার সেলিম এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।