বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বড়ইতলীতে সেতু উদ্বোধন পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, এখন সংলাপের নামে সময় অপচয়ের কোনো সুযোগ নেই। তবে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে কেউ এগিয়ে এলে তাদের পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে।
সংবিধান অনুযায়ী ২০১৯ সালে শেখ হাসিনার সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপিকে অংশ নেবার জন্য আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশবাসীর মন জয় করে যদি বিএনপি সে নির্বাচনে জনগণের রায় লাভ করে তবে গণতন্ত্রের পূজারী হিসাবে আওয়ামী লীগ সে গণরায় মাথা পেতে নেবে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া তার দলবলসহ প্রতিদিন বর্তমান সরকারকে অবৈধ বলে গলাবাজি করছেন। আবার বর্তমান সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য দিনের পর দিন আকুতিও জানাতে শুরু করেছেন। ৫ জানুয়ারী সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন হবার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আর তারা বসে বসে ষড়যন্ত্র করছেন।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বিগত নির্বাচনী ট্রেন মিস করে তারা এখন পস্তাচ্ছে। বিভ্রান্ত হয়ে গণতন্ত্রের ভাষা তারা ভুলে গেছে। তাই তারা নিরর্থক বুলি আওড়াচ্ছেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার নামে তাদের যুদ্ধাপরাধী মিত্রদের সঙ্গে নিয়ে জ্বালাও, পোড়াও ও মানুষ হত্যা ছাড়া আর কিছুই করতে পারেনি। জ্বালাও, পোড়াও ও মানুষ হত্যা করে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন বুলি সর্বস্ব দলে পরিণত হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, বিএনপি’র কাছে নয়। দেশবাসীই মূল্যায়ন করবেন কারা বাংলাদেশের কল্যাণ বয়ে আনতে পারে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী পিপুলবাড়িয়ায় শহীদ এম মনসুর আলী সড়কের সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।