রোজার পর আন্দোলনের ডাক শুনে পতনের ভয়ে সরকার দিশেহারা হয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, গণতন্ত্রকে হত্যা করে সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
জিয়া-মঞ্জুরের হত্যাকারি এরশাদকে সঙ্গে নিয়ে রাজনীতি করার মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের নীতি বিসর্জন দিয়েছে— মন্তব্য করে সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া ও বিএনপি নেতা-কর্মীদের দমন-নির্যাতনের অভিযোগও তোলেন রিজভী।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আলাদা আলোচনায় বিএনপি আগ্রহী হলেও সরকারের অনীহা রয়েছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।
জনগনের অধিকার রক্ষায় আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার গোটা দেশকেই রক্তাক্ত প্রান্তরে পরিণত করেছে। অতীতে কিছুটা ভূল-ভ্রান্তি থাকলেও এবার কঠোর আন্দোলনেই সরকারের পতন নিশ্চিত হবে বলেও হুঁশিয়ারি দিয়েন তিনি।