ঈদের পর আন্দোলনের নামে সহিংসতা চালালে সরকার বিএনপিকে কঠোর হাতে দমন করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শনিবার চলমান রাজনীতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ঈদের পর বিএনপি-জামাতের নৈরাজ্যর বিরুদ্ধে নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সমুদ্রবিজয় নিয়ে বিএনপির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
এদিকে, রাজধানীতে বিশ্ব বাঙালি সম্মেলন ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আলোচনা সভায় সমুদ্র বিজয় নিয়ে অসত্য তথ্য দিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে— উল্লেখ করে চিফ হুইপ আসম ফিরোজ বলেন, সমুদ্রবিজয় নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি।