দেশে এখন ভয়ানক অবস্থা কারণ সব খুনিরা একত্রিত হয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার জাতীয় সংসদের বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস আ্যসোসিয়েশন অব বাংলাদেশ (এলএডি) আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে খুনি আখ্যায়িত করে এ সরকারের অধীনে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেন খালেদা জিয়া।
খুন, গুম বন্ধ ও দেশকে বাঁচাতে ঈদের পর ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে নামতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারকে অবৈধ আক্ষায়িত করে আওয়ামী লীগ দেশের সকল গুম খুনের নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
রমাজনেও গুম খুন আর চাঁদাবাজি বন্ধ নেই— মন্তব্য করে খালেদা বলেন, দেশের মানুষ এখন মোটেও নিরাপদে নেই। শেখ হাসিনার নেতৃত্বে এরশাদসহ সকল খুনিরা একত্রিত হয়ে জনগনকে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।
বিচার বিভাগ থেকে শুরু করে দেশের সর্বস্তরে অনিয়ম চলছে দাবি করে তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ এতোদিন সরকারি ব্যাংকে লুট করে এখন বেসরকারি ব্যাংকের দিকে নজর দিয়েছে।
ঈদের পর সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামার জন্য আবারো আহ্বান জানান খালেদা জিয়া।