আন্দোলনের নামে দেশে আবারো কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে বিএনপির পরিণাম ভাল হবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগ নেতারা। আন্দোলনের সাহস ও শক্তি হারিয়ে ফেলেছে বিএনপি বলেও জানান তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি নেত্রী ইফতার মাহফিলের নামে মিথ্যাচার করছেন। আন্দোলন করার মতো কোনো সাংগঠনিক শক্তি না থাকায় বিএনপি এখন সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, ‘এদের (বিএনপি) মুরদ কতটুকু তা আমাদের জানা আছে। তাই আন্দোলনের নামে যে যদি ঈদের পর নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করা হলে তার পরিনাম ভয়াবহ হবে।’
এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশের কোনো বিজয় মেনে নিতে পারে না বলেই সমুদ্রসীমা বিজয়কে ছোট করার অপচেষ্টা করছেন।
তিনি বলেন, ‘কোনো বিজয়কেই, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যখনই কোনো জাতির সফল্য এসেছে তারা (বিএনপি) সেটা মেনে নিতে পরেনি। সেই হতাশার প্রেক্ষিতে তরা আবল-তাবল বলা শুরু করেছে এবং আন্দোলন নিয়েও আবল-তাবল বলছে।’
এদিকে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরেক আলোচনা সভায় ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শয়তানি যেনো করতে না পারে সে জন্য শতানের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি থাকতে হবে।’