আন্দোলনের নামে বিএনপি যদি দেশে আবারো কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাহলে পরিণাম ভয়াবহ হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিএনপির সঙ্গে ২০১৯ সালের আগে আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ওমরাহ পালনের নামে বিএনপি নেত্রী দুই ছেলের সঙ্গে মিলে নতুন ষড়যন্ত্রের উদ্দেশ্যেই মক্কা যাচ্ছেন।
মানুষের মধ্যে ভীতি ছড়াতেই বিএনপি আন্দোলনের হুঙ্কার দিচ্ছে— এ কথা উল্লেখ করে কামরুল আরো বলেন, ‘বিএনপির সঙ্গে কোনো সংলাপ এবং আলোচনার হওয়ার সময় ও সুযোগ এখনো আসেনি। বিশৃঙ্খলা, জনদুর্ভোগ, নৈরাজ্য সৃষ্টি করবেন অথবা ২০১৩ সালের মতো অবস্থার সৃষ্টি করলে তার পরিস্থিতি হবে ভয়াবহ।’
এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলন করার মতো কোনো শক্তি বিএনপির নেই। আন্দোলন হুমকি না দিয়ে প্রথমে বিএনপিকে দল গোছানো প্রয়োজন।
নাসিম বলেন, ‘আপনাদের (বিএনপি নেতা) অনুরোধ করি আমরা যে প্রস্তুত হন, দল গোছান ও শক্তিশালী করেন। ২০১৯ সালে নির্বাচন হবে আর আমরা নির্বাচন করবো। জনগণের ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো আর যদি ভোট দিয়ে বিজয় না করে তাহলে বিরোধীদলে চলে যাবো।’