ঈদের পর বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তা মোকাবেলা করবে ১৪ দল--জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মো. নাসিম। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগের এ নেতা বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না।
এ বৈঠকে সিদ্ধান্ত হয়, সেপ্টেম্বরে যে কোনো সময়ে সারাদেশ থেকে ১৪ দলের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলন রাজধানীতে অনুষ্ঠিত হবে।
এছাড়াও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিজয় উদযাপনের জন্য সুবিধাজনক সময়ে সমাবেশের কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।
এ সময় নাসিম ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ব্যাপার গাজায় একটি প্রতিনিধি দল পাঠানোরও সিদ্ধান্ত হয় বৈঠকে।
ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে নাসিম আরো বলেন, বিএনপির আন্দোলন মানেই নৈরাজ্য সৃষ্টি করা। তবে এ ব্যাপারে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।