সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে প্রাথমিকভাবে ইস্যুভিত্তিক আন্দোলনে যাচ্ছে বিএনপি ও জোটের শরীক দলগুলো বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, পরিস্থিতি বিবেচনায় নির্দলীয় সরকারের অধীনে আরেকটি নির্বাচনের দাবিতে পরবর্তীতে পর্যায়ক্রমে তারা কঠোর কর্মসূচির দিকে যাবেন। জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে আগামী ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ করা হবে।
এছাড়া, কালোপতাকা মিছিল ও গণসংযোগ কর্মসূচির পালনের কথাও জানান মির্জা ফখরুল।
দল গুছিয়ে ঈদের পর সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে এমন ঘোষণা আগেই দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার স্থায়ী কমিটি এবং সোমবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচি নির্ধারণ করেন তিনি।
এর আলোকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিএনপির যৌথসভায় দলটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ২০ দলীয় জোটের নেতাদের বৈঠকে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গৃহীত কর্মসূচি ঘোষণা করেন।
ফখরুল বলেন, গণদাবি আদায় ও জনদুর্ভোগ লাঘবে আপাতত তারা এ কর্মসূচি দিয়েছেন আর এটা তাদের মূল আন্দোলনেরই অংশ।
এর আগে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় তিনি অভিযোগ করেন, একদলীয় শাসন ব্যবস্থা চালু করতেই সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা করছে।
বিচার বিভাগকেও সরকার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পুরোপুরি প্রশাসন নির্ভর এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ক্ষমতাকে কুক্ষিগত করে বাকশাল প্রতিষ্ঠার জন্যই সরকার এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।