জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) প্রথম প্রহরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে নিজের ৬৯তম জন্মদিন পালন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে চেয়ারপারসনের জন্মদিনে কেক কাটা অনুষ্ঠানে যোগ দিতে নয়াপল্টনে দলের কার্যালয়ে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা।
দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখতে চাইছে।
তবে পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা এ ব্যবস্থা নিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দলের সহযোগী সংগঠনগুলোর কেক কাটা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে নয়াপল্টন কার্যালয়ে আসতে শুরু করেন নেতা-কর্মীরা।
তবে, কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন অধিকাংশ নেতাকর্মীই। তাদেরকে কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিতে তৎপর দেখা যায় আইন-শৃঙ্খলা বাহিনীকে।
এরপর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখার অভিযোগ তোলেন সরকারের বিরুদ্ধে।
তবে পুলিশ বলেছে, তারা কাউকে কার্যালয়ে প্রবেশে বাধা দেয়নি, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশান কার্যালয়ে দলের নেতা-কর্মীদের নিয়ে নিজের জন্মদিনের কেক কাটেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় দলের শীর্ষ নেতারাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে কার্যালয়ে ভিড় করেন।