আগস্ট মাস আসলেই বিএনপি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্রকারী দল হিসেবে আগস্ট মাসে বিএনপিকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেছেন মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের নেপথ্যে থেকে এবং তার প্রশ্রয়ে-আশ্রয়ে ১৫ আগস্ট ঘটনা ঘটানো হয়েছে। ওরাই (বিএনপি) আবার ১৫ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গিয়েই আইভী রহমানকে হত্যা করেছে। এ আগস্ট মাস আসলেই বিএনপি চক্রান্ত শুরু করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। এ মাস শুধু শোকের মাস নয় বরং চক্রান্ত করার মাস হচ্ছে ওদের (বিএনপি)। এ আগস্ট মাসে কোনোভাবেই বিএনপিকে আন্দোলন করতে দেয়া যাবে না।’
তিনি আরো বলেন, এ মাসে কর্মসূচির সুযোগ দিলে অতীতের মতো তারা আবারো দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে।
বিএনপিকে ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যা দিয়ে নাসিম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকৃত মানসিকতার নেত্রী বলেই শোক দিবসে নকল জন্মদিন পালনের নামে উৎসব করেন।