২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারাধীন বিষয়ে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দিয়ে আদালতকে প্রভাবিত করার মাধ্যমে প্রধানমন্ত্রী প্রকৃত দোষীদের আড়াল করছে— এ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহারের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দলটির বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
শুক্রবার জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিজেদের সব অবৈধ ও অন্যায় কাজের বৈধতা দিতেই সরকার সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছে।
এ সময় দলের প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ ও গণমাধ্যমের কণ্ঠরোধ করে অন্যায়-অত্যাচার এবং দুর্নীতিকে ধামাচাপা দেয়া যাবে না, জনরোষে এ সরকারের পতন হবেই।
সঙ্কট নিরসনে অন্যায়-অত্যাচার বন্ধ করে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত ‘প্রস্তাবিত ষষ্ঠদশ সংশোধনী বিল এবং মৌলিক অধিকার’ শীর্ষক প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাকে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছে।