খালেদা জিয়ার ইচ্ছা-অনিচ্ছার ওপর বর্তমান মহাজোট সরকারের থাকা না থাকা নির্ভর করছে না, দেশের ১৬ কোটি মানুষ চাইলে সরকার থাকবে না চাইলে থাকবে না জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসাপতালে ডায়রিয়া পরিস্থিতির খোঁজ-খবর নেয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বিএনপি নেতা খালেদা জিয়াকে হুঁশিয়ার করেন, আন্দোলন তো দূরের কথা, আগে নিজের পিঠ বাঁচানোর চিন্তা করুন। খুনের মামলা, দুর্নীতির মামলা থেকে মা-ছেলে নিজেদের কিভাবে বাঁচাবেন তার জন্য উকিল-ব্যারিস্টার ধরুন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া উপায়ান্তর না দেখে মিথ্যাচার করে জনগণকে সঠিক ইতিহাস থেকে সরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যাচার বাদ দিন, আপনি জানেন ১৫ আগস্টের খুনি কারা। ১৫ আগস্টের খুনের সঙ্গে খন্দকার মুস্তাক ও জিয়াউর রহমান জড়িত। সেখানে আওয়ামী লীগ জাসদের কোনো সম্পর্ক নেই।
খুনের পথ, চক্রান্তের পথ, ষড়যন্ত্রের পথ ও মিথ্যা ইতিহাস চর্চার পথ পরিহার করে খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান মন্ত্রী।
এসময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আজিজুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।