ন্যূনতম হায়া-লজ্জা থাকলে এ সরকার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকতো না, বিনা ভোটে এ সরকারের ১৫৪ এমপি নির্বাচিত হয়ে মন্ত্রিপরিষদ গঠন করেছে—জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার ঝিনাইদহ ডা. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে দুপুর ১২টার দিকে আয়োজিত ২০ দলীয় ঐক্যজোটের যৌথ কর্মীসভায় এ কথা বলেন তিনি।
দেশ পরিচালনা করায় এ সরকারকে অবৈধ সরকার আখ্যায়িত করে তিনি বলেন, এ অবৈধ সরকার সংবাদপত্রের স্বাধীনতাহরণ এবং বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে নেয়ার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করতে চায়।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নিজেদের মধ্যে ঐক্য এনে বিভাজন দূর করে গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, রাজার রাজত্বে শাসন থাকে, কিন্তু এ সরকারের রাজত্বে শাসন নেই আছে শুধু নির্যাতন, জুলুম, হত্যা, লুটপাটসহ নানা অপকর্ম, বঞ্চনা ও প্রবঞ্চনা। এই প্রবঞ্চক সরকারের হাত থেকে জনগণ মুক্তি পেতে চায়। তাই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।