সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে বিএনপির কোনো মতামত থাকলে তা সংসদীয় কমিটির কাছে দিতে পারবে—এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংশোধনী নিয়ে মতামতের জন্য সংসদের বাইরের দলগুলোকেও ডাকা হবে।
রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা সংসদে নেই মতামতের জন্য তাদেরও ডাকা হবে। ডাকা হবে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলকেও। বিএনপি চাইলে কমিটির কাছে তাদের মতামত দিতে পারবে। গৃহীত হোক বা না হোক সবার মতামতের রেকর্ডই সংসদীয় কমিটির কাছে থাকবে বলে এ সময় জানান তিনি।
এ সময় মন্ত্রিসভায় নিজ দলের কোনো প্রতিনিধি না রাখার যে সিদ্ধান্ত এরশাদ ও রওশন এরশাদ নিয়েছেন তা যথাযথ হয়েছে বলে মন্তব্য করেন মহাজোটের এ নেতা।
সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনায় মন্ত্রিসভায় জাতীয় পার্টি সরকারের মন্ত্রিসভায় না থাকলে বিরোধীদল হিসেবে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এদিকে, অপর এক আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির দুর্দশার জন্য খালেদা জিয়ার অপরিণামদর্শী সিদ্ধান্তই দায়ী বলে মন্তব্য করেন মহাজোট নেতারা।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলাদা এক আলোচনায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে শুভেচ্ছা জানান মহাজোট নেতারা।
এ সময় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট বেধে এবং নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া নিজের দলকে দুর্দশার দিকে ঠেলে দিয়েছেন।
স্বাধীনতাবিরোধীদের যারা আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।