গোটা বাংলাদেশ এখন ভীতি ও সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে- দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে এ কথা বলেন তিনি।
পুলিশের অনুমতি না পাওয়ায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কর্মসূচি পালন করতে না পেরে এ মানববন্ধন করেন বিএনপির নেতারা।
মানববন্ধনে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীদের গুম-হত্যার মধ্যদিয়ে সরকার দেশের রাজনীতিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।
এটা সরকারের জোর-জবরদস্তিমূলকভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টার ফল— উল্লেখ করে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস বলেন, গুম-খুনের জন্য আরো অনেক নেতা-কর্মীর নামের তালিকা হচ্ছে।
এ সময় নেতা-কর্মীদের গুম-অপহরণের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এবার আর নীরবে এ অন্যায় সহ্য করা হবে না-- গড়ে তোলা হবে দুর্বার প্রতিরোধ বলে জানান নেতাকর্মীরা।