জাপানকে সমর্থন দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহার বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে— কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিংবা সংসদে এ বিষয়ে আলোচনা না করেই সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে দেশের বিচারব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে দাবি করে তারা বলেন, বিএনপি নয় আওয়ামী লীগই জঙ্গিবাদের মদদদাতা।
রোববার জাতীয় প্রেসক্লাবে "বাংলাদেশের মানবাধিকার ও বিচারব্যবস্থা" নিয়ে এক মুক্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান অভিযোগ করেন, সরকার দেশের গণতন্ত্রকে পদদলিত করে, রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে।
এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনীরও সমালোচনা করেন তিনি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারেরও সমালোচনা করেন বিএনপির এ নেতা।
দলের স্থায়ী কমটির আরেক সদস্য হান্নান শাহ বলেন, সরকার নব্য বাকশাল কায়েমের চেষ্টা করছে।
এছাড়া, মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি এ কে খন্দকারের লেখা বইয়ের সমর্থন জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিপক্ষে কোনো মুক্তিযোদ্ধা কথা বললে তাকেও রাজাকারের তকমা দেয়া হয়।