সংবিধানের ষোড়শ সংশোধনীর জন্য উত্থাপিত বিলটি পরিমার্জন করে সম্পূর্ণ নতুন অবয়বে তা সংসদে উপস্থাপন করা হবে জানিয়েছেন আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এতে ‘অভিশংসনের’ বদলে ‘অপসারণ’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যার পুরোপুরি এখতিয়ার আগের মতো রাষ্ট্রপতির হাতেই থাকবে।
তিনি আরো বলেন, সংসদের কাছে সকলের দায়বদ্ধতার জায়গা থেকেই এমনটি করা হচ্ছে।
বিষয়টি দূরভিসন্ধি বলে বিএনপি নেতাদের করা মন্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, আইনের শাসনে পরিপন্থি কোনো কাজ আওয়ামী লীগ করবে না।
তিনি বলেন, ‘এই সময়ে এক একটা ইস্যু বানাই তারপর হইচই করি এটা যায় তারপর আরেকটি আসে। আমি বিলটি ঠিক করে দিয়েছি, এটা দেখবেন সম্পূর্ণ নতুন বিল। এটার ভেতরে বদলে দেয়া হয়েছে। সব বদলে আরেকটি নতুন বিল আসবে মাত্র চারটি লাইন থাকবে। আমার বন্ধু মওদুদ আহমদ সাহেব অনেক দিন চুপ করেছিলেন, এখন আবার আওয়াজ তুলে বলছে যে, বিলটি দুরভিসন্ধিমূলক। আমি তাকে জবাব দিতে চাই, না মওদুদ সাহেব এর মধ্য কোনো অভিসন্ধিই নেই দুরভিসন্ধি হবে কেন? দুরভিসন্ধি করার মতো এ যোগ্যতা থাকতে হবে তো। এ যোগ্যতা কেবলমাত্র আপনারই আছে।’
সংবিধানের ষোড়শ সংশোধন একটি নতুন আইনের জন্ম দেবে যার মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠিত হবে, যারা বিচারপতিদের যোগ্যতার বিষয়টি দেখবেন—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যদি এ তদন্ত কমিটির আইনটি না করা যায় তাহলে এ সংশোধনের কোনো মানে থাকবে না।