সংবিধান সংশোধন করে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার মাধ্যমে সরকার বিচার বিভাগকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস।
বৃহস্পতিবার বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস অভিযোগ করেন, গুম-খুন করে সরকারি দলের লোকজনের বিচার না হলেও বিরোধীদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, ‘যেখানে বিচার বিভাগের স্বাধীনতা নেই সেখানে হঠাৎ অভিশংসনের কথা আসলো কেন? এর পেছনে দূরভিসন্ধি আছে। এ অভিশংসনের পেছনে অনেক কিছু আছে। আছে পিএসসি, আছে নির্বাচন কমিশন, আছে সুপ্রিম কোর্ট, আছে হাইকোর্ট। বিচারকদের ভয় দেখানো বিষয়টি হলো সবচেয়ে বড়। বিচারকরা স্বাধীনভাবে আর কোনো কাজ করতে পারবেন না। বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তির লড়াই বিরাজ করছে। অশান্তির যে লড়াই শান্তির জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে। শ্লোগানটা মনে রাখবেন, যথাসময়ে শ্লোগান দেবেন।’
জনগণ সরকারের প্রতি বিরক্ত দাবি—এ করে হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, যে কোনো সময় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
সমাবেশে দলের অন্য নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা দেয়ার জন্য নয় বিচার বিভাগকে সরকারের অধীন করার উদ্দেশ্যেই সংবিধান সংশোধনের পাঁয়তারা করছে তারা।