জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
বৃহস্পতিবার দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কমিটির সদস্য সচিব এস কে বাবু আহমেদ।
সংবাদ সম্মেলনে বাবু বলেন, পার্টির চেয়ারম্যানের একক হটকারী সিদ্ধান্তে বার বার কমিটি পরিবর্তন করায় মাঠপর্যায়ে এর বিরুপ প্রভাব পড়েছে। এ অবস্থায় জাপার দুর্গ হিসেবে পরিচিত এখানে ধস নামবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয় নিয়মিত কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটিতে যাদের নেয়া হয়েছে তাদের মধ্যে আহ্বায়ক ছাড়া কেউই জাতীয় পার্টির সাধারণ কর্মীও নন।
অবিলম্বে পূর্বের কমিটি বহাল করা না হলে গণপদত্যাগসহ হরতাল অবরোধেরমত কর্মসূচি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।