বাকশাল কায়েমের মাধ্যমে এ সরকার সারাদেশ কারাগারে রূপান্তরিত করার পাঁয়তারা করছে এ অভিযোগ করেছেন বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনায় এ কথা বলেন।
নোমান অভিযোগ করেন, পঞ্চদশ সংশোধনীর ধারাবাহিকতায় ষোড়শ সংশোধনীর মধ্য দিয়ে বর্তমান সরকার ন্যূনতম মানবাধিকার লঙ্ঘনের অপচেষ্টা চালাচ্ছে।
জাতীয় সম্প্রচার নীতিমালা, সংবিধানের ষোড়শ সংশোধনীই প্রমাণ করছে সরকার বাকশাল কায়েম করতে চায় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, তবে জনগণের ঐকবদ্ধ শক্তির মাধ্যমে তীব্র আন্দোলন গড়ে তুলে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে এ সরকারের পতন ঘটানো হবে।
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত অপর এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া একে খন্দকারের সদ্য প্রকাশিত বই প্রসঙ্গে বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললে সরকার তাকে রাজাকার বলে সম্বোধন করেন।
এ সময় ঐকবদ্ধ শক্তির মাধ্যমে সরকারের পতনের আহ্বান জানান বিএনপির এ নেতা।