বিএনপি একটি বিদেশ নির্ভর দল, তারা এখন বিদেশিদের কাছে ধন্না দিচ্ছে— তাদেরকে যেন রাষ্ট্র ক্ষমতায় বসানো যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ দেশের মালিক জনগণ, জনগণ যদি না চায় বিদেশিরা বিএনপিকে কখনো ক্ষমতায় বসাতে পারবে না। বিদেশিদের পিছু পিছু ঘুরে ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসবে এ স্বপ্ন বাংলার মানুষ কোনোদিন পূরণ হতে দেবে না বলে জানান তিনি।
হানিফ বলেন, জামাত কোনো দল নয়, এ সংগঠনের কোনো কথা বিবেচনায় আনতে চাই না, তবে তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় অতীতে যেমন করা হয়েছে ভবিষতেও করা হবে।
বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কথার জবাবে তিনি বলেন, জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি আন্দোলনের হুমকি গত চার বছর ধরে দিয়ে আসছে, সেই হুমকি যে নিস্ফল আস্ফালন ছাড়া আর কিছু না এটা জনগণ জানে। যদি কোনো ষড়যন্ত্র করা হয়, যদি কোনো বোমাবাজি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয় তাহলে সরকারের যতটুকু ক্ষমতা আছে তা প্রয়োগ করবে কঠোরভাবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ জেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতারার উপস্থিত ছিলেন।