এক এগারোর কুশিলবরা এখনো সক্রিয়— উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, সরকার অনেক আগেই বাকশাল কায়েম করেছে আর এখন তা পাকাপোক্ত করতে গণবিরোধী আইন পাশ করছে। বিএনপির শীর্ষ নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
দুর্বার আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে উৎখাত করে জনগণের অধিকার আদায় করা হবে বলেও জানান বিএনপির এ নেতা।
সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।