দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই সাঈদীর রায়ের বিষয়ে জামাতের সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগ তুলছে—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এ রায় নিয়ে জনগণের মধ্যে কোনো ধরনের বিভ্রান্ত না ছড়াতে সকলের প্রতি আহ্বানও জানান তারা। বৃহস্পতিবার রাজধানীতে জামাতের ডাকা হরতালবিরোধী মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তারা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামাত নেতা সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাতের দেয়া হরতালের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে হরতালবিরোধী মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় হরতালের প্রতিবাদে ও সাঈদীর ফাঁসির দাবিতে দলীয় কার্যালয় ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন তারা।
মিছিল শেষে মহানগর নেতারা দাবি করেন জামাতের লোক দেখানো হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ। হরতাল দিয়ে মাঠে জামাত-শিবিরের কোনো নেতা-কর্মীকে দেখা যাচ্ছে না দাবি করে নেতারা বলেন, রায় নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আঁতাত করেনি সরকার।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘এই দলে আঁতাত বলে কোনো শব্দ নেই। যারা বলে তারা ওই ষড়যন্ত্রকারীর অংশ। ঢাকা শহরসহ সারাদেশে কোনো হরতাল হয়নি।’
আজকের হরতাল সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে দাবি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হরতালের নামে কোনো ধরনের নৈরাজ্য হলে আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে।
তিনি বলেন, ‘এ হরতাল কোনো সরকারের বিরুদ্ধে না, এ হরতাল আদালতের বিরুদ্ধে। যারা রায় নিয়ে পানি ঘোলা করার চেষ্টা বা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো দয়া করে বিভ্রান্ত সৃস্টি করবেন না । এমন কোনো কাজ করবে না যেটা একাত্তরের ঘাতকদের পক্ষে যায়।’
প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘যদি আবার মানুষের ওপর হামলা পরিচালনা করা হয়, মানুষের স্বাধীনতাহরণ করা হয় আবার বাংলাদেশে বিশেষ পরিস্থিতি তৈরির করা অপচেষ্টা করা হয় অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কঠোর হস্তে তা দমন করবে।’