রোজা যাওয়ার পরপরই ঝিমিয়ে পড়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি। এ সুযোগে বেশিরভাগ দোকানিই মুল্য তালিকা টানাচ্ছেন না। কেউ কেউ টানালেও সেখানে দাম লিখছেন ইচ্ছামত। আবার সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিদিন মূল্য তালিকা হালনাগাদ করার কথা থাকলেও তারাও আসছেনা।
এদিকে, শাক-সবজির দাম আগের সপ্তাহের তুলনায় আরও কমেছে। তবে বাড়তে শুরু করেছে আদা, জিরা ও ধনের দাম।
রাজধানীর খিলগাঁও উত্তর সিটি করপোরেশনের বাজারে ঢোকার মুখেই চোখে পড়ে বড় একটি মূল্য তালিকা। তবে তালিকায় নিত্যপণ্যের মূল্য হালনাগাদ নেই। এর পরিবর্তে টানানো বোর্ডটি ব্যবহার হচ্ছে পোস্টার-লিফলেট টানানোর কাজে। তালিকার উপরে লেখা দেখে বোঝা যায়, সর্বশেষ মূল্য হালনাগাদ করা হয়েছিল প্রায় দু'মাস আগে। অথচ এই তালিকা প্রতিদিনই হালনাগাদ করার কথা।
একই চিত্র বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের। তারাও এখন বাজারে আসা প্রায় বাদ দিয়েছে। আর এতে দোকানিরাও আর প্রায় মূল্য তালিকা টানানোর প্রয়োজন মনে করছেন না।
তবে ভোক্তারা সবসময় অতিরিক্ত দামের অভিযোগ করলেও মূল্যতালিকা টানানো আছে কি-না সে ব্যাপারে তারাও উদাসীন।
এদিকে, বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমে এসেছে। কোন কোন সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।
তবে ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে মসলার দাম। আদা-জিরা প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। আর ৭০ টাকা কেজির ধনে, এক মাসের ব্যবধানে এখন আড়াইশো টাকার উপরে।