দলে গণতন্ত্র চর্চা, আন্দোলনে জনগণের সম্পৃক্ততা, ভারতের সঙ্গে সম্পর্কসহ ৫ বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) একাংশ।
শনিবার রাজধানীর কাকরাইল একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন করে আলমগীর মজুমদার নিজেকে এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে খালেদা জিয়াকে এ আল্টিমেটাম ঘোষণা করেন।
অন্যথায় ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন শেষে তিনি বলেন, ২০ দলীয় জোট জনগণের জন্য নয় বরং ক্ষমতার জন্য আন্দোলন করে।
এ সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার না দেখার করার সিদ্ধান্তের সমালোচনা এবং ভারত ইস্যুতে ২০ দলীয় জোটের অবস্থান সম্পর্কেও সুস্পষ্ট ব্যাখ্যা চান এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এছাড়া, ধর্ম নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।