একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর মুক্তির দাবিতে সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল পালন করেছে জামাত।
রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে সংখ্যায় কিছুটা কম হলেও রাজধানীর সড়কগুলোতে রিকশা, অটোরিকশার পাশাপাশি প্রাইভেটকার ও বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীতে পুলিশের পাশাপাশি রয়েছে র্যা বের কড়া নজরদারি ছিল। মোতায়েন ছিল বিজিবি। রাজধানী ছাড়া অন্যান্য শহরে হরতালের চিত্র:
সিলেট:
এছাড়া, দেশের অন্যান্য জায়গায় জামাতের হরতালের তেমন সাড়া মেলেনি। তবে, দুএকটি জায়গায় বিচ্ছিন্ন গোলযোগের খবর পাওয়া গেছে। সিলেটের দরগাহ গেট ও কুমারপাড়ায় ঝটিকা মিছিল করে জামাত শিবিরের নেতাকর্মীর। এ সময় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখার চরে বিক্ষোভ মিছিল করেছে জামাতের নেতাকর্মীরা।
এছাড়া হরতালে দেশের কোথাও তেমন বড় ধরনের কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজশাহী:
এদিকে রাজশাহীতে সকাল থেকেই প্রবল বৃষ্টি হওয়ায় সেখানে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। এছাড়া সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো পিকেটারকেও হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি।
চট্টগ্রাম:
এছাড়া বন্দর নগরী চট্টগ্রামেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। হরতালের সমর্থনে চট্টগ্রামেরও সকাল থেকে কোনো পিকেটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দেখা দিয়েছে জনদুর্ভোগ। হরতালের চেয়েও কঠিন সময় পার করছেন চট্টগ্রামবাসী।
আমাদের লক্ষ্মীপুর সংবাদদাতা জানিয়েছেন, লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা, মিয়ার রাস্তার মাথায় ও বাসটার্মিনাল এলাকায় সকালে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামাত-শিবির নেতাকর্মীরা। এ সময় তারা পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া করে আলীয়া মাদ্র্রাসা এলাকা থেকে দুই শিবিরকর্মীকে আটক করে। হরতালে নাশকতার আশঙ্কায় জেলায় নিরাপত্তা জোরদার করা হয়। টহলে পুলিশের পাশাপাশি ছিল র্যাব ও বিজিবি। হরতালের কারণে জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
সাতক্ষীরা:
সাতক্ষীরায় জামাতের ডাকা হরতালে ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে। হরতালের সমর্থনে জেলার কোথাও কোনো পিকেটিং ও মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেরও হরতালের প্রভাব পড়েনি। সেখান আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে হরতালের কারণে সাতক্ষীরা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ২৭ জামাত-শিবির নেতাকর্মীকে আটক করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায়ের প্রতিবাদে দুই দফায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় জামাত।
প্রথম দফায় গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করে দলটি। প্রথম দফায় দলটির হরতালে ঢিলেঢালা ভাবই লক্ষ্য করা গেছে।
এদিকে, জামাতের হরতাল কর্মসূচি শেষ হওয়ার পরপরই আগামীকাল (সোমবার) বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে সকাল ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল শুরু হবে।