দেশের বিদ্যমান স্থিতিশীলতা বিনষ্ট করে বিএনপি আবারো হরতালের মাধ্যমে জঙ্গি তৎপরতা চালাতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, বিএনপি এখন আর রাজপথের বিরোধী দল নেই, সে স্থান দখল করে নিয়েছে জামাত। আর এ লজ্জা ঢাকতেই জামাতের হরতালের পরদিন বিএনপির এ হরতাল।
এ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরু থেকেই রাজধানীর রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে হরতাল বিরোধী মিছিল এসে জড়ো হতে থাকে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে খণ্ড খণ্ড সমাবেশ করে দলের সহযোগী সংগঠনগুলো। মানববন্ধন করে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন। এসময় নেতারা অভিযোগ করেন, সংবিধান সংশোধনীর প্রতিবাদে আগে হরতাল না দিয়ে জামাতের ধারবাহিকতায় এ হরতাল ডাকা হয়েছে।
এছাড়াও হরতালের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করেছে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন। হরতালকে জনবিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।