বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন করে যে ষড়যন্ত্র শুরু করেছেন তা প্রতিহত করা হলে তিনি নিজেই বিদেশে পালানোর পথ খোঁজে পাবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার সকালে রাজধানীর সেগুন বাগিচাস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনায় গতকাল খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় দেয়া বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে বিএনপি-জামাত তাদের বিদেশি প্রভুদের সহায়তায় আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে ক্ষমতা দখল করা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের নেতা। সেজন্য শেখ হাসিনা নয় খালেদা জিয়াকেই দেশ ছেড়ে পালানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা উচিত।
হানিফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী হয়ে ইয়াতিমদের অর্থ আত্মসাৎ করা শুধু খালেদা জিয়ার জন্য নয়, যে কোনো রাজনীতিবিদের জন্য লজ্জাকর। সেজন্য তার উচিত হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হয় নিজেকে নির্দোষ প্রমাণ করা না হয় রাজনীতি থেকে বিদায় নেয়া।
তিনি বলেন, গত হরতালের চিত্র থেকে শিক্ষাগ্রহণ করে বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসা উচিত। এতে দেশের মানুষ বিএনপির ডাকে সাড়া দিলেও দিতে পারে। আর তারা যত দেশের স্বার্থ বিরোধী ধ্বংসাত্মক কর্মসূচি দেবে ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিক প্রমুখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ‘শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।