বিএনপি-জামাত একটি নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ।
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তারা গত ৫ জানুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্রে যেমন ব্যর্থ হয়েছে তেমনি নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রেও ব্যর্থ হবে।
সুরঞ্জিত আরো বলেন, বিএনপি-জামাতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় বঙ্গবন্ধুর গড়া সংগঠন আওয়ামী লীগই যথেষ্ট।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারকে উৎখাত করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্রে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা সহ আরো কয়েকটি বিদেশী গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে।’
তিনি বলেন, এ ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শক্তিকে আবারো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সুরঞ্জিত বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ যে মুহূর্তে বিশ্বে প্রশংসিত হচ্ছে- তখন বিএনপি-জামাত চক্র আবারো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত শুরু করেছে।
তিনি বলেন, কিশোরগঞ্জের বেশ কয়েকটি পূজামণ্ডপে চালানো হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এ চক্রান্ত মোকাবেলায় দেশের আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলকে সচেতন থাকতে হবে।
দেশের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনা আবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। তাই এ ভাষা শুধু বাংলাদেশের ভাষা নয় এটা পৃথিবীর সকল দেশের ভাষা।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করবে।
সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিম এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এম পি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী ও একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।