প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রোববার ধানমণ্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, শনিবারের জনসভায় খালেদা জিয়া তার বক্তব্যে অসত্য তথ্য দিয়েছেন। দেশের মানুষ তার পক্ষে নেই তাই তিনি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মিথ্যাচার করা ও অসত্য তথ্য দিয়ে বক্তব্য দিলেও উনি (খালেদা জিয়া) কিন্তু একটি বিষয়ে বারবার হুমকি দিচ্ছেন যে দ্রুত নির্বাচন যদি না দেয়া হয় তাহলে কাফ্ফারা দিতে হবে। কিসের কাফ্ফারা দেয়া হুমকি আপনি দিচ্ছেন? কাফ্ফারা মানে কী? আপনার এ কথার মধ্যেই ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। জননেত্রী শেখ হাসিরাকে হত্যা করার ষড়যন্ত্র চলছে এবং এ মাধ্যমেই সরকার উৎখাতের সড়যন্ত্র চলছে।’
এ সময় ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মাহবুবউল আলম হানিফ।