আইএস, আল কায়েদা, তালেবান, জামাত সবাই এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির নৈরাজ্যের ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসব সংগঠনগুলো মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছে, এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই—উল্লেখ করে তিনি আরো বলেন, এদের বিরুদ্ধে যে যুদ্ধ তা বাংলাদেশের ওপরও চাপানো হবে।
আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠন আর জামাতের মধ্যে কোনো তফাৎ নেই—এ কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদের হাত থেকে কেউ নিরাপদ নয়।
বিশ্বজুড়ে যেভাবে সন্ত্রাসবাদ বিস্তৃতি লাভ করেছে তার রেশ বাংলাদেশেও পড়বে—এমন মন্তব্য করে এক্ষেত্রে সকলকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।
গত ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে গিয়ে দেশজুড়ে সংহিসতা চালায় বিএনপি-জামাত জোট—সেই সহিংসতার চিত্র তুলে ধরে গত ২৩ আগস্ট ফটো অ্যালবাম প্রকাশ করে আওয়ামী লীগ।
আর এবার ‘বিএনপি-জামাতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ নামে আওয়ামী লীগের প্রচার সেলের ডিভিডির মোড়ক উন্মোচন করেন সৈয়দ আশরাফ।