লতিফ সিদ্দিকীকে মুখফোঁড় নেতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী সাজেদা চৌধুরী। মঙ্গলবার দলের ধানমন্ডির কার্যালয়ে প্রচার ও প্রকাশনা সেলের বিশেষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পবিত্র হজ, তাবলীগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।
এ সময় এসব কথায় কান না দিতে দলের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান সাজেদা চৌধুরী।
গত রোববার নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী।'
লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'এ হজে যে কতো ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এ হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশ নাই। শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।'
লতিফ সিদ্দিকীর বক্তব্য গণমাধ্যমে এলে সোমবার রাতেই দুই ধর্মভিত্তিক সংগঠন জামাতে ইসলামী ও হেফাজতে ইসলাম এর প্রতিবাদ জানায়।