দল করলে দলের নিয়ম মেনেই করা উচিত—দায়িত্বশীল পদে থেকে সবারই দায়িত্বশীল হওয়া উচিত, দায়িত্বশলী দায়িত্বে থেকে দলের জন্য ক্ষতিকর এমন কোনো মন্তব্য বা আচরণ কারোরই করা সমীচীন নয়—জানিয়েছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে দলের বয়োজ্যেষ্ঠ নেতা আবদুল লতিফ সিদ্দিকী যে কথা বলেছেন তা সঠিক নয়, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। এছাড়াও তিনি আমাদের দলের ভবিষ্যত নেতা।
সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলোর উদ্ভব হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোচরে রয়েছে –উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি দেশে ফিরলেই এ ব্যাপারে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।
দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক পরিবহন ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত রোববার নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, 'আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামীরও বিরোধী।' তার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানা কথা বলেন।
লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'এ হজে যে কতো ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এ হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশ নাই। শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।'