জনরোষ থেকে বাঁচতে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অব্যাহতি নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০ দলের পক্ষ থেকে তিনি এ কথা বলেন।
হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় লতিফ সিদ্দিকীর সমালোচনা করে তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ারও দাবি জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস ও অনুভুতিতে আঘাত করেছে। তিনি আগেও এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন বেশ কয়েকবার। এ ধরনের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রকৃত সত্য উৎঘাটিত হয়েছে। এ অবৈধ সরকার তাদের দায় এড়াতে পারে না। তাই অবিলম্বে মন্ত্রীসভা ও সংসদ থেকে লতিফ সিদ্দিকীকে অপসারণ পূর্বক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।’
পূজা ও ঈদের কারণে এখনই কোনো কর্মসূচি না দিলেও পরবর্তিতে এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ২০ দলীয় জোট বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল।
জোট অক্ষুণ্ণ আছে দাবি করে, জনগণের অধিকার আদায়ে জোট ঐকবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপির এ নেতা।
এদিকে, প্রায় দেড় মাস পর মঙ্গলবার রাতে গুলশানে জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, পরবর্তী আন্দোলন কর্মসূচি, জোট থেকে বেশ কয়েকটি দলের একাংশের বেরিয়ে যাওয়া এবং হজ নিয়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মন্তব্যসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।