ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিসভা থেকে নয় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বুধবার রাজধানীর কাকরাইলে পার্টি কার্যালয়ের সামনে পবিত্র হজ ও তাবলীগ জামাত নিয়ে মন্তব্যের জন্য লতিফ সিদ্দিকীর শাস্তি দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘লতিফ সিদ্দিকীকে শুধু সরকার থেকে নয়, দল ও সংসদ থেকেও বহিষ্কার করতে হবে। আমরা সংসদে আছি, তার মতো কুলাঙ্গারের সঙ্গে সংসদে বসতে পারি না।’
লতিফ সিদ্দিকী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে—সংবিধান লঙ্ঘনের সমতুল্য বলে জানান জাপা চেয়ারম্যান।
তিনি আরো বলেন, ‘লতিফ সিদ্দিকী ‘নাস্তিক’ ও ‘মুরতাদ’। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমরা তার শাস্তি চাই; ফাঁসি চাই।’
বিগত সরকারের আমলে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এতো অনিয়ম থাকার পরও তাকে মন্ত্রিসভায় রাখা ঠিক হয়নি বলেও জানান এরশাদ।
উল্লেখ্য, সোমবার নিউয়র্কের টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে পবিত্র হজ, জামাতে ইসলামী, তাবলীগ জামাত, এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তিনি।