জনগণের সম্পৃক্ততা না থাকায় বিএনপি-জামাতের আন্দোলন সফল হবে না— এ আন্দোলন জনগণের ওপর কোনো ধরনের প্রভাবও পড়বে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে— মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, এ সরকার পাঁচ বছর দেশ শাসন করবে।
তিনি বলেন. বিএনপি-জামাত আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষ হত্যা, জ্বালাও পোড়াও এবং যানবাহন ভাঙচুর করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বসে থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা প্রয়োজন আনুযায়ী যথাযথ ভূমিকা পালন করবে।
দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগের চেয়ে দেশে সব ধরনের অপরাধ কমে এসেছে।
সীমান্তে এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে— বিএসএফ এখন মারনাস্ত্র ব্যবহার করছে না। হত্যা এড়াতে তারা এখন রাবার বুলেট ব্যবহার করছে। ফলে সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড হ্রাস পেয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে বিজিবি এখন অনেক বেশি সতর্ক। অনেক মাদক ধরা পড়ছে, মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীকে শাস্তিও দেয়া হছে। মিয়ানমারের সাথে সীমান্তসহ বিভিন্ন চুক্তি করারও সিদ্ধান্ত রয়েছে।
নারায়ণগঞ্জে সাত খুনের আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, নূর হোসেন ভারতে অন্য একটি মামলার আসামি। আইনী জটিলতার কারণে সময় লাগছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে ফিরিয়ে আনা হবে।
এর আগে সকালে তিনি একটি বেসরকারি সংস্থা ইএসডিওর শিশু হাসপাতাল, লোকায়ন যাদুঘর পরিদর্শন শেষে স্মৃতি সৌধ ‘অপরাজেয় ৭১’-এ পুস্প মাল্য অর্পন করেন। পরে তিনি আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা করেন।
এ সময় সংসদ সদস্য দবিরুল ইসলাম, সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, রংপুর বিভাগীয় পুলিশের ডিআইজি হুমায়ুন কবির, বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল আকরাম হোসেন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।