দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানো উচিত নয় মন্তব্য করে মন্ত্রীরা অভিযোগ করেন, সাম্রাজ্যবাদী শক্তি দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক চক্রান্তকে সহায়তার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে গণচীনের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রীরা।
আলোচনায় অংশ নিয়ে সরকারের কয়েকজন মন্ত্রীরা চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, চীন যেভাবে নিজেদের প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে তা উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুকরণীয়।
সাম্রাজ্যবাদী শক্তি দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক চক্রান্তকে সহায়তা এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে এসময় অভিযোগ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গিবাদ দমনসহ দেশের যে কোনো আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোর প্রয়োজন নেই।
হংকংয়ে নির্বাচনী সংস্কারের দাবিতে যে গণতন্ত্রপন্থি বিক্ষোভ চলছে সে সম্পর্কে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে।