দেশ ও দলকে গতিশীল রাখার একমাত্র মাধ্যম হলো গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে আজকের এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়। এই দলের কাছে জনগণের চাওয়া অনেক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিয়মিত কাউন্সিল হলে দলে প্রাণের সঞ্চার হয়, নেতৃত্বে গতি আসে। বিশ্বাসে কোন ঘাটতি থাকলে দল এগিয়ে যেতে পারেনা।
কাউন্সিলারদের উদ্দেশ্যে তিনি দলের অতীত ইতিহাস বর্ণনা করে বলেন, এই দল একটি যুগান্তকারী দল। আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক নেতৃত্ব প্রয়োজন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ৭১ এর প্রেতাত্মারা বিএনপি-জামাতের কাঁধে ভর করে আবার ক্ষমতায় আসতে চায়। ২০০১ সালে তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারেকের হাওয়া ভবনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল। দেশটি পরপর ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন গণতন্ত্র চান। দেশের মানুষ আর জঙ্গি, দুর্নীতি, হত্যা, নির্যাতন চায়না।
‘দেশের মানুষ নাকি এখন অশান্তিতে আছে অস্বস্থিতে আছে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, আসলে ব্যর্থ নীতির কারণে অস্বস্থিতে আছেন আপনারা। দেশ আজ স্থিতিশীল। বিদেশিদের কাছে ধর্ণা দিলেও আপনাদের উদ্দেশ্য সফল হবেনা।
বিএনপি আমলের হত্যাকাণ্ডের বর্ণনা করে তিনি বলেন, মিথ্যাচার করে আর জাতিকে বিভ্রান্ত করবেন না। বিএনপি আজ রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। জনগণ আপনাদের আর সমর্থন করছে না। তারা মুখ ফিরিয়ে নিয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একাত্তর ও পঁচাত্তরের খুনিরা আজ একত্রিত হয়েছে। তাদের উত্তরসুরীরা দেশে সন্ত্রাস কায়েম করতে চায়।
৫ জানুয়ারির নির্বাচনের আগের বিএনপি-জামাতের তান্ডব বর্ণনা করে তিনি বলেন, আগামী দিনের স্বাধীনতার ও গণতন্ত্রের পথ আরো পিচ্ছিল। তাই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। এ সময়ে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, দবিরুল ইসলাম এমপি, সেলিনা জাহান লিটা এমপি, জেলা সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ বক্তব্য রাখেন।