দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না বলেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আদালতে হাজিরা থেকে বাঁচাতে সুপরিকল্পিতভাবে সম্মিলিত ইসলামী দলগুলো হরতালের হুমকি দিচ্ছে—জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের নেতারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে রেহাই পাবেন না বলেই নিজের দোষ ঢাকতে পরিকল্পিতভাবে হাজিরার দিনে ইসলামী দলসমূহকে দিয়ে হরতাল ডাকানোর চেষ্টা করছেন।
লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে হরতালের হুমকি না দিয়ে, দুর্নীতি মামলার আসামি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাতে ইসলামী দলেগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপিকে রাজনৈতিক আদর্শহীন একটি জগাখিচুড়ির দল বলেও আখ্যায়িত করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশের বাইরে থাকা লতিফকে ইন্টারপোলের মাধ্যমে ওই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে ২৬ অক্টোবর সারা দেশে হরতাল করার হুমকি দিয়েছে সম্মিলিত ইসলামী দলগুলো।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ থেকে সদ্য পদচ্যুত ও মন্ত্রিসভা থেকে অপসারিত লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
একইসঙ্গে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাদের তা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব হারানো লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতে অবস্থান করছেন।
প্রসঙ্গত: জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২৬ অক্টোবর বাদীর সাক্ষ্য শোনার দিন রেখে ওইদিন বিএনপি চেয়ারপারসনকে অবশ্যই আদালতে হাজির থাকতে বলেছেন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়। খালেদা জিয়ার সময়ের আবেদনে সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের ওই দুই মামলায় গত ১৩ অক্টোবর বাদীর সাক্ষ্যগ্রণ মুলতবি করে নতুন দিন রাখে আদালত।