রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে এলাকা থেকে মঙ্গলবার ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
কার্যালয়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।
জানা গেছে, ছাত্রদলের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ৯জনের নাম জানা গেছে। তারা হলেন রায়হানুল ইসলাম, আক্তার হোসেন, মনির হোসেন, মামুন খান, মহসীন ভূঁইয়া, ইউসুফ, ইমন, রোমান ও আজিজুল। তারা সবাই ছাত্রদলের কর্মী।
ছাত্রদলের নতুন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, কটূক্তি ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নালিশি মামলার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি দেয়া হয়েছে।
ঢাকা মহানগর ব্যতীত দেশে সব মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিলের কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।
সকাল থেকে ছাত্রদলের ৩০ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন আকরামুল হাসান।
সকাল থেকেই নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে কিছু নেতা-কর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মহাম্মদ আশরাফ-উজ-জামান বলেন, নয়াপল্টন এলাকায় বিশৃঙ্খলা করার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিদের মোট সংখ্যা এখনো আমাদের কাছে আসেনি।