আওয়ামী লীগ প্রকৃত মুক্তিযোদ্ধাদের মুল্যায়ন করে না— মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন নষ্ট সময় পার করছে।
বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর প্রধান ও জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশ এখন এক ব্যক্তির শাসনের দিকে এগিয়ে চলেছে।
ওই অনুষ্ঠানেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এবং যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বক্তব্য রাখেন তবে নিজামীর মামলার রায়ের ব্যপারে কোনো তারা মন্তব্য করেননি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর প্রধান ও জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় নিয়ে বরাবরের মতোই কোনো প্রতিক্রিয়া জানায়নি জোটসঙ্গী বিএনপি। রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বুধবার ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা।
এদিকে, রায়ের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না জানালেও নিজামীর রায়ের একদিন আগে মঙ্গলবার রাতে অনিবার্য কারণে বৃহস্পতিবার নাটোরে দলের চেয়ারপারসনের জনসভা দুই দিন পিছিয়ে শনিবার ঠিক করা হয়। ওই জনসভায় ২০ দলীয় জোটের নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।