জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আহ্বান জানান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন।
তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে যে কোনো সময় নির্বাচন দেয়া হলে, বিএনপি তাতে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত আছে।
ফখরুল বলেন, ‘জনগণের দাবির কাছে তিনি (শেখ হাসিনা) নতি স্বীকার করতে শুরু করেছেন। আমরা আশা করবো তিনি জনগণের দাবি মেনে নিয়ে আবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করবেন।’
সরকারকে অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা আরো বলেন, ‘আমাদের পক্ষ (বিএনপি) থেকে বারবার বলা হয়েছে যে, জনগণ শান্তি চায়, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য ও সকল ধরনের নির্বাচন মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়। একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখতে চায়।’
প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
এর আগে সভা শেষে সংবাদ সম্মেলনে ৭ নভেম্বর উপলক্ষ্যে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।