হিটলারের কায়দায় ক্ষমতা দখল করে টিকে থাকতে চায় আওয়ামী লীগ— মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকেলে নাটোরের কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তাদেরকে স্বৈরাচার বলতে চাই না, বলতে চাই নব্য হিটলার জন্মগ্রহণ করেছে। হিটলারি কায়দায় তারা সারাদেশে গুম, খুন করছে; যা মর্জি চালিয়ে যাচ্ছে।’
এ সময় নব্য হিটলারদের বিদায় করে গণতন্ত্র ফিরিয়ে আনায় কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
আওয়ামী লীগ যতোবার ক্ষমতায় এসেছে ততোবারই লুটপাট চালিয়েছে—ততোবারই শেয়ার বাজারে ধস নেমেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি ব্যাংক থেকে তাদের মন্ত্রী এমপিরা টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে, ব্যাংকগুলো এখন দেউলিয়া।
মধ্যপ্রাচ্যে শ্রমবাজার উন্মুক্তে সরকার ব্যর্থ হয়েছে— এমন মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে শ্রমবাজার খুলে দেয়া হবে।
তিনি আরো বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা নেই এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, নিজেদের স্বার্থেই সম্প্রচার নীতিমালা করেছে সরকার।
এ সময় নাটোরের জনসভা যাতে সরাসরি সম্প্রচার করতে না পারে তাই সারাদিন বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মানুষের ব্যাপক সমর্থন বিএনপির আছে দাবি করে খালেদা জিয়া বলেন, ৫ জানুয়ারির নির্বাচনই এর প্রমাণ— বিএনপির ডাকে সাড়া দিয়েই ভোট কেন্দ্র যায়নি জনগণ।