মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ১৪ দল। রোববার রায়ের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দরা এ কথা বলেন।
তারা বলেন, ঐতিহাসিক এ রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থায় এ রায়ে দেশের জনগণ আনন্দিত। এ রায়ের ফলে লাখো শহীদের আত্মা শান্তি পাবে। জাতিকে কলঙ্কমুক্ত করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনূর ইসলাম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মীর কাসেমের রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এটা জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এ রায়ের মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পেয়েছে।
রায়ের বিরুদ্ধে জামাতের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল আদালত অবমাননার শামিল। তবে ১৪ দল আশা করে, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে রায়ের পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মীর কাসেম আলীর রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে।
গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম বলেন, এ রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার বর্হিপ্রকাশ ঘটেছে। শহীদের আত্মা এবং পরিবারের সদস্যরা শান্তি পাবে। এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ আইনের শাষন প্রতিষ্ঠার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল।
রায়ের বিরুদ্ধে জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, আদালতের বিরুদ্ধে যারা হরতাল ডাকে তাদের বিরুদ্ধে আইন আনুয়ায়ী ব্যবস্থা নেয়া উচিত। এ হরতাল দেবার কোনো মানে হয় না।
কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায় বলেন, জাতি কলঙ্কমুক্তির দিকে আরো একধাপ এগিয়ে গেল। এ রায়ে সকল শহীদের আত্মা শন্তি পাবে। (সূত্র : বাসস)